৮ মার্চ ২০২৬

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দাখিল করা চার্জশিট গ্রহণ করেছে আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৮ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন। বিষয়টি আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, বর্তমানে বেনজীর আহমেদ পলাতক থাকায় তার বিরুদ্ধে হুলিয়া জারি এবং সম্পত্তি জব্দের আবেদন করা হয়েছে।

আদালত আগামী ৩০ মার্চের মধ্যে গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।

দুদকের তদন্তে প্রকাশ হয়েছে, বেনজীর আহমেদ ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ৬০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার সম্পদ অর্জনের প্রমাণও পাওয়া গেছে। তিনি নিজের নামে এবং তার কন্যা যাহরা যারীন বিনতে বেনজীরের নামে দেশের বিভিন্ন স্থানে বিপুল সম্পদ অর্জন করেছেন।

তদন্তে দেখা গেছে, গোপালগঞ্জ, সেন্টমার্টিন, মাদারীপুর ও সাভারে জমি কেনার পাশাপাশি ঢাকার গুলশানের ‘র‍্যানকন আইকন টাওয়ারে’ একাধিক ফ্ল্যাট এবং উত্তরায় বাণিজ্যিক স্পেসের মালিকানাও রয়েছে তার। অপরাধলব্ধ অর্থের উৎস আড়াল করতে তিনি নিজের এবং কন্যার নামে মৎস্য ব্যবসা ও বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে অর্থ স্থানান্তর ও রূপান্তর করেছেন।

এই মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি ১৫ ডিসেম্বর ২০২৪ দায়ের করা হয়েছিল এবং দীর্ঘ তদন্তের পর দুদক চূড়ান্ত অভিযোগপত্র আদালতে দাখিল করেছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ