চট্টগ্রামের সন্দ্বীপে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. রাকিব (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার শিবেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব স্থানীয়ভাবে পরিচিত এক তরুণ। তিনি হুজা মাঝির বাড়ির মৃত রহমানের ছেলে। তার পরিবার মগধরা ছউল্লার হাট এলাকাায় বসবাস করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় রাকিব রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে রাকিব গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাকিবের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিচিতজনরা জানান, রাকিব সবসময় হাসিখুশি ও সদালাপী স্বভাবের একজন মানুষ ছিলেন।
এদিকে স্থানীয়রা বেপরোয়া ও অসচেতনভাবে মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ প্রয়োজন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, গতকাল দুর্ঘটনায় রাকিব নামে এক যুবক নিহত হয়েছেন। তবে ভিকটিম পক্ষের কোন অভিযোগ আমরা এখনও পাইনি।












