চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় উল্টো পথে আসা একটি ট্রাকের ধাক্কায় কাওসার হোসেন সম্রাট (৩৫) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। তবে কর্ণফুলী থানার পুলিশ জানায়, ঘটনাস্থল আনোয়ারা থানার অধিক্ষেত্রে পড়েছে।
নিহত কাওসার হোসেন সম্রাট দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিনের ছেলে। পেশায় তিনি আইনজীবী এবং পরিবারের বড় সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে করে দৌলতপুর এলাকার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সম্রাট।
পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে উল্টো পথে আসা একটি অজ্ঞাত ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা রুহুল আমিন জানান, বাজার করতে মোটরসাইকেলে করে চাতরী চৌমুহনী গিয়েছিলেন তার ছেলে। পরে দুর্ঘটনার খবর পেয়ে জানতে পারেন তিনি আর বেঁচে নেই। শুক্রবার জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
জানা গেছে, নিহত সম্রাটের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও ছোটবেলা থেকেই পরিবারসহ কর্ণফুলীর দৌলতপুর এলাকায় বসবাস করছিলেন। তার পরিবারে স্ত্রী ও তিন ও দুই বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।












