১৬ মার্চ ২০২৬

বাঁশখালীতে আগুনে পুড়ে ভাই–বোনের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী-সাতকানিয়ার সীমান্তবর্তী এলাকায় আগুনে পুড়ে ভাই–বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (১৫ মার্চ) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লটমনি পাহাড়ি এলাকায় জেএমবি ব্রিকসের শ্রমিকদের অস্থায়ী বসতঘরে এঘটনা ঘটে। আগুনে ওই ঘরটি সম্পূর্ণ পুড়ে গিয়ে ভস্ম হয়ে গেছে।

ঘরের ভিতরে থাকা জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩) নামে আপন দুই ভাই-বোন আগুনে দগ্ধ হয়ে মারা যায়। নিহত ভাই-বোন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মোঃ হাসান ও হালিমা আক্তারের সন্তান।
এদিকে নিহত সন্তানদের বাবা -মা উভয়েই জেবিএম ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কুতুবী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে জানতে বাঁশখালী থানার ওসি মোঃ খালেদ সাইফুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল রোববার বিকালের দিকে বাঁশখালী-সাতকানিয়া সীমান্তবর্তী ইউনিয়ন সাধনপুরের ৫নং ওয়ার্ড লটমনি এলাকায় আগুনের ঘটনাটি ঘটে। আগুনে পুড়ে দুই ভাই-বোনের মৃত্যু ঘটে। তবে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এঘটনায় পরবর্তীতে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ