১৬ মার্চ ২০২৬

নতুন ডিআইজি মুনিরুজ্জামান, সিএমপি কমিশনার শওকত আলী

চট্টগ্রামের পুলিশ প্রশাসনে বড় রদবদল

চট্টগ্রামের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার পদে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো. মুনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার করা হয়েছে।

এদিকে বর্তমান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশকে পদোন্নতি দিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে পদোন্নতি দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন