চট্টগ্রামের মিরসরাই উপজেলায় চুরি হওয়া ৩১ টন লোহার রডবোঝাই একটি লরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) রাত ১০ টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকার মহাসড়কের পাশে খাঁন সিটির সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম হিঙ্গুলী এলাকার মৃত শামছুল হক কোম্পানির ছেলে শেখ ফরহাদ (৪২), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ৩নং ওয়ার্ডের খাইরখালি এলাকার আব্দুল ছত্তারের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) ও লরি চালক নোয়াখালী জেলার চরজব্বর থানার আদর্শ গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে মো. আবুল হাসেন রয়েল (৩০)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুরি হওয়া ৩১ টন রড বিক্রয়ের জন্য আনলোড করার সময় শেখ ফরহাদ ও জাহিদুল ইসলাম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় চুরি হওয়া ৭ বান্ডেলে থাকা প্রায় ৩১ টন লোহার রড উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা।
একইসাথে ঘটনাস্থল থেকে একটি লরিও জব্দ করা হয়। পরবর্তীতে লরি চালক আবুল হাসেমকে বিএসআরএম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।












