দেশের অভিনয় জগতের পরিচিত মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি জনপ্রিয় বেসরকারি এফএম রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’ এর স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করা শামস সুমন একসময় ছোট ও বড় পর্দায় সমানতালে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন। তার সাবলীল অভিনয় তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।
তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি টেলিভিশন নাটকে কম দেখা গেলেও রেডিও ভূমির প্রাতিষ্ঠানিক দায়িত্ব সামলাতেই বেশি ব্যস্ত ছিলেন।
অভিনয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে জয়যাত্রা (২০০৪), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘মন জানেনা মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬) এবং ‘চোখের দেখা’ (২০১৬)।
তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা।












