মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে।
পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, স্মৃতিসৌধে আনুষ্ঠানিকতা শেষে তিনি ঢাকায় ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান।
এরপর সকাল ৯টা ৫৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধানমন্ত্রী উপস্থিত হন। সকাল ১০ টায় রাষ্ট্রপতি কুচকাওয়াজে উপস্থিত হন।
স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ২৬ মার্চ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা-বোনসহ স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা সকলকে।












