২৭ মার্চ ২০২৬

চকরিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই পর্যটকের, আহত ১

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজধানীর উত্তরখান আটি পাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। তারা মোটরসাইকেলযোগে কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন।

চিরিংগা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল-সবুজ পরিবহন’ নামে একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি অজ্ঞাত ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন