২৯ মার্চ ২০২৬

চট্টগ্রামে কারাতে সেমিনার; বিশেষ প্রশিক্ষণে রেফারি-কোচরা

বাংলাদেশ কারাতে ফেডারেশনের অনুমোদনে ও ফেডারেশনের রেফারি কমিশনের আয়োজনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কারাতে রেফারি, কোচ এবং সিনিয়র অ্যাথলেটদের অংশগ্রহণে চট্টগ্রাম জোনাল কারাতে রেফারি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় একটি স্বনামধন্য কারাতে প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনার আয়োজন করা হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি শাহজাদা আলম।

সেমিনারটি সঞ্চালনা করেন ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও রেফারি কমিশনের সদস্য এ বি রনি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেফারি কমিশনের সম্পাদক কাউসার আহমেদ এবং সদস্য তীর্থ তালুকদার।

প্রশিক্ষণের অংশ হিসেবে শোতোকান স্টাইলের কাতা ইভেন্টে প্র্যাকটিক্যাল সেশন পরিচালনা করেন এ বি রনি। এছাড়া সিতোরিউ স্টাইলের ওপর প্র্যাকটিক্যাল সেমিনার পরিচালনা করেন কুমিল্লা থেকে আগত কারাতে কোচ মুখলেছুর রহমান আবু।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন সিনিয়র কারাতে কোচ ও এশিয়ান কারাতে ফেডারেশনের বিচারক রতন তালুকদার, বিশ্ব ও এশিয়ান কারাতে ফেডারেশনের বিচারক লতা পারভীন, এশিয়ান কারাতে ফেডারেশনের বিচারক মারিয়া চক্রবর্তী এবং কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সম্পাদক হাজী মামুনসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের কারাতে সংগঠকরা।

সেমিনারটি কারাতে রেফারিং দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন