গেলো ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূরের পরিচালনায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় রুবি চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামের শিশুশিল্পী ‘তৃধা পাল মান’। তিনি ছবিতে নীতু চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। শ্যামল মওলা ও জাকিয়া বারী মম দম্পতির মেয়ের চরিত্রে তার অভিনয় বেশ পরিণত ছিল।
অল্প বয়সেই অভিনয়ের জগতে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার পথে এগিয়ে চলেছে এই ছোট্ট তারকা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ তৃধা পাল মানের অভিনয় দর্শকদের দৃষ্টি কাড়ে। ছবিতে তার চরিত্রটি ছোট হলেও প্রভাবশালী, যেখানে সে তার নিষ্পাপ অভিব্যক্তি ও বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে গল্পের আবেগকে আরও গভীর করে তুলেছে। অনেক সমালোচকই মনে করছেন, এই কাজটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের লেখা ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ; সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সহযোগিতায় ডোপ প্রোডাকশন্স।
গত শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে গুলশানের বাসা থেকে ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারে যান। সেখানে প্রধানমন্ত্রী তার মেয়েকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখেছেন বলে জানা গেছে।

পরিচালক তানিম নূর জানিয়েছেন, দর্শকদের ভালোবাসা ও সাড়া তাদের জন্য অত্যন্ত আনন্দের। পরিবার ও বন্ধুদের নিয়ে দলবেঁধে সিনেমা দেখতে আসার প্রবণতাই ছবিটির সাফল্যের অন্যতম কারণ বলে মনে করছেন তিনি। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞ। কারণ তিনি তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি দেখেছেন।
তানিম নূর বলেন, “আমার ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় নীতু চরিত্রে দারুণ অভিনয় করেছে তৃধা পাল মান। তৃধা মানের অভিনয় দেখে হলফেরত দর্শক তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। এই বয়সেই এমন পাকা অভিনয় সহজে দেখা যায় না! তাকে নিয়ে ভবিষ্যতে আমি অনেক আশাবাদী।”

‘তৃধা মান’ সম্পর্কে জানতে চাইলে জাকিয়া বারী মম জানান, “তৃধা মান শুধু একজন সম্ভাবনাময় শিশুশিল্পীই নয়, বরং আগামীর একজন উজ্জ্বল তারকা। যার পথচলা এখনই নজর কাড়তে শুরু করেছে। সে দারুণ কাজ করে। তার জন্য আমার সবসময়ই শুভকামনা থাকবে।”
চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে শিশুশিল্পী তৃধা পাল মান বলেন, “এই সিনেমায় কাজ করা আমার জন্য অনেক আনন্দের ছিল। শুটিংয়ের সময় সবাই আমাকে খুব আদর করেছে, বিশেষ করে বড় ভাইয়া-আপুরা আমাকে অনেক সাহায্য করেছেন। প্রথমে একটু ভয় লাগলেও পরে আমি অনেকটা স্বাভাবিক হয়ে যাই।”

তিনি আরও বলেন, “ট্রেনের ভেতরে শুটিং করার অভিজ্ঞতা আমার কাছে একেবারেই নতুন ছিল। পরিচালক স্যার আমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছেন, আমি সেভাবেই অভিনয় করার চেষ্টা করেছি। সবাই আমার অভিনয় পছন্দ করেছে শুনে আমি খুব খুশি। ভবিষ্যতে আমি আরও ভালো ভালো কাজ করতে চাই।”
শুধু চলচ্চিত্রেই নয়, ‘তৃধা মান’ বিভিন্ন টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনেও কাজ করছে। প্রতিটি কাজেই সে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে, যা তার শেখার আগ্রহ ও পরিশ্রমের পরিচয় বহন করে। পরিবারের সমর্থন এবং পরিচালকদের দিকনির্দেশনায় সে ধীরে ধীরে আরও পরিণত একজন শিল্পীতে রূপ নিচ্ছে।

ছোট চরিত্র, সামান্য স্ক্রিনটাইমে যে পারফরম্যান্স দিয়ে নামজাদা সব অভিনেতার ভিড়ে অনন্য হয়ে ওঠা যায়, দর্শকের মনে ছাপ রেখে যাওয়া যায়—সেই কাজটাই করে দেখিয়েছেন ‘তৃধা মান’।
চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, শরিফুল রাজ, সাবিলা নূরসহ আরও অনেকেই।












