৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরো ২৮ শিশু

চট্টগ্রামে শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে জেলায় আরও ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, চট্টগ্রামে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। এর মধ্যে মহানগর এলাকায় ৮৭ জন এবং উপজেলা পর্যায়ে ২ জন রোগী রয়েছেন। তবে ল্যাবরেটরিতে পরীক্ষার পর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১২ জনের শরীরে, যাদের মধ্যে ৮ জন মহানগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় থেকে আরও জানানো হয়, রোগ নির্ণয়ের জন্য শনিবার নতুন করে ৩১ জনের নমুনা পাঠানো হয়েছে। ইতিবাচক খবর হলো, হাসপাতালে চিকিৎসা শেষে এ পর্যন্ত ২৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, হামের প্রকোপ মোকাবিলায় সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে হাম সন্দেহে আসা কোনো রোগীকে চিকিৎসাসেবা পেতে ভোগান্তিতে পড়তে না হয়।

তিনি বলেন, ‘আমরা মাঠপর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি। বিশেষ করে মহানগর এলাকায় নিবিড় নজরদারি রাখা হচ্ছে যাতে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ করা যায়। শনাক্তকৃত ও সন্দেহভাজনদের নিয়মিত চিকিৎসার আওতায় আনা হচ্ছে এবং প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।’

আরও পড়ুন