মিরসরাইয়ে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী বলীখেলা। দেশের বিভিন্ন জেলা থেকে আগত বলীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে। এ বলীখেলায় এসে গ্রামবাংলার হাজারো মানুষ কিছুটা সময়ের জন্য হারিয়ে গিয়েছে পুরোনো দিনের আমেজে।
শনিবার (০৪ এপ্রিল) চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের চরাঞ্চলে পুরোনো বেড়িবাঁধসংলগ্ন টেকেরহাটের বিস্তীর্ণ মাঠে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বলীখেলার। তবে দর্শকের বিশৃঙ্খলার কারণে প্রথম ও দ্বিতীয় পুরস্কার নির্ধারণ স্থগিত রেখেই খেলার সমাপ্তি ঘোষণা করতে হয়েছে আয়োজক কমিটিকে।
বলীখেলা আয়োজক কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান বলেন, প্রায় অর্ধলক্ষ দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন। গ্রামীণ ঐতিহ্যের এই খেলার আয়োজনে আমরা সম্পৃক্ত হতে পেরে ধন্য মনে করছি। ভবিষ্যতেও এমন আয়োজনের উদ্যোগ গ্রহণ করব। প্রথম ও দ্বিতীয় পুরস্কার দর্শকের বিশৃঙ্খলার কারণে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
বলীখেলা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শত বছরের বেশি সময় ধরে এই বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও স্থানীয় যুবকদের উদ্যোগে খেলার আয়োজন করা হয়। এবারের আসরে মিরসরাই ছাড়াও নোয়াখালীর মোশারফ বলী, কুমিল্লার বাঘা শরিফ, রাশেদ মাল, শাহজাহান ও টাইগার নয়ন; ব্রাহ্মণবাড়িয়ার তাহসাহিন, আমিন বলী, বাদশা বলী এবং মিরসরাইয়ের লুদ্দাখালীর কামরুল বলীসহ অনেকেই অংশগ্রহণ করেছেন।
খেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় ফ্রিজ, টিভি, বাইসাইকেল, সিলিং ফ্যান, গ্যাসের চুলা, খাঁচা ফ্যান, কলস, হটপটসহ বিভিন্ন উপহার।
খেলায় অংশ নেওয়া কুমিল্লার শাহজালাল বলী বলেন, আমি অনেক বছর ধরে বলী খেলায় অংশ নিয়ে আসছি। আমার অনেক শিষ্য দেশের অনেক এলাকায় খেলায় নিয়মিত অংশগ্রহণ করে। আজ আমি খেলায় অংশ নিয়ে বাইসাইকেল পেয়েছি। ভালো লাগছে।












