চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামে ওয়েল্ডিং কাজ করার সময় টিনশেডের চালা ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া এলাকায় সাগর উপকূলে অবস্থিত ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি গুদাম কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. ফারুক (৩২) ও মো. জহির (৩৫)। তাদের বাড়ি যথাক্রমে নোয়াখালী ও কুমিল্লা জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকজন শ্রমিক ওয়েল্ডিং মেশিন দিয়ে টিনশেড চালা সংস্কারের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে হঠাৎ টিনের চালার এঙ্গেল ভেঙে পড়ে যায়। এতে টিনশেডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ফারুক ও জহির মারা যান।
পরে অন্য শ্রমিকরা ক্রেনের সাহায্যে চাপা পড়া চালা সরিয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বারআউলিয়ায় দুর্ঘটনাস্থল থেকে দুই শ্রমিককে নিয়ে আসলে দেখা যায় তারা দুজনেই মৃত। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।












