আন্তর্জাতিক অংশগ্রহণসহ ৩৫০ স্টল নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের মহামেলা শুরু হচ্ছে। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে মাসব্যাপী এই বৃহৎ আয়োজনের আসর বসছে আগামীকাল শনিবার।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এটি ১৫তম আসর। আয়োজিত এই ইন্টারন্যাশনাল উইম্যান’স এসএমই এক্সপোতে নারীদের জন্য বিশেষ ‘উইম্যান জোন’ ও তাৎক্ষণিক ঋণের সুযোগ থাকবে। এটি উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত বলে মনে করছেন আয়োজকেরা। মেলার প্রস্তুতি উপলক্ষে ৯ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। মেলার সার্বিক দিক তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারপারসন ও সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎফুন্নাহার ফরিদ।
আগামীকাল শনিবার (১১ এপ্রিল) থেকে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হওয়া এ মেলার প্রস্তুতি নিয়ে লুৎফুন্নাহার ফরিদ জানান, প্রায় ২৭ বছর ধরে চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, দক্ষতা বৃদ্ধি এবং ক্ষমতায়নের লক্ষ্যেই এ আয়োজন ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতকে শক্তিশালী করতে সহজ অর্থায়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করা জরুরি। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করোনা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় উদ্যোক্তাদের সহায়তা করতেই এবারের আয়োজন।
আগামী ১১ এপ্রিল বিকেল ৪টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও সাঈদ আল নোমান। এছাড়া বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, ডিআইজি মো. মনিরুজ্জামান এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সম্মানিত অতিথি হিসেবে অংশ নেবেন।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, থাইল্যান্ড ও পাকিস্তানের উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন। প্রায় ৩৫০টি স্টল ও ২০টি প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এই মেলায় ১০০টি স্টল নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এছাড়া ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ‘উইম্যান জোন’ এবং দেশীয় হস্তশিল্প পণ্যের জন্য আলাদা জোন থাকবে।
মেলার অন্যতম আকর্ষণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আয়োজন করা হচ্ছে ‘৭ম এসএমই ব্যাংকিং ম্যাচ-মেকিং ফেয়ার-২০২৬’। এর মাধ্যমে নারী উদ্যোক্তারা ব্যাংকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং যোগ্যদের জন্য তাৎক্ষণিক ঋণ সুবিধার সুযোগ থাকবে।
দর্শনার্থীদের জন্য মেলায় শিশুদের বিনোদন পার্ক, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশ, নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি ও ফায়ার সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি নামাজের স্থান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানির সুবিধাও নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন, নিশাত ইমরানসহ অন্যান্য পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা চট্টগ্রামবাসীকে এই মাসব্যাপী মেলা পরিদর্শনের মাধ্যমে দেশীয় নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।












