১২ এপ্রিল ২০২৬

রিহ্যাব নির্বাচন ২০২৬-২০২৮

স্বপ্নের আবাসন গড়ার প্রত্যয়ে ভোটযুদ্ধে গাফফার মিয়াজী

আবাসন খাতের জটিলতা নিরসন করে বিনিয়োগবান্ধব টেকসই উন্নয়ন ও সদস্যদের স্বার্থরক্ষায় কার্যকর অবস্থানে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইস্ট ডেলটা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী। বাংলাধারার সঙ্গে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন।

আগামী ১৮ এপ্রিল আবাসন খাতের অন্যতম শীর্ষ সংগঠন ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদি পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে তিনি ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর হয়ে পরিচালক (চট্টগ্রাম) পদে অংশ নিচ্ছেন। রিহ্যাব নির্বাচনে তাঁর ব্যালট নম্বর-৭৫ (চট্টগ্রাম)।

ব্যবসা পরিচালনায় দেড় যুগেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন গাফফার মিয়াজী জানান, নির্বাচিত হলে আবাসন খাতকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আমাদের প্যানেল বিজয়ী হলে রিহ্যাব শুধু পরিচালনাই করবে না, বরং দেশের বাস্তব ব্যবসায়িক চাহিদা ও নীতি-পরিবর্তনে জোরালো ভূমিকা রাখবে।

দীর্ঘদিন ধরে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত নিজেকে একজন সৎ, দক্ষ ও দূরদর্শী সংগঠক হিসেবে দাবি করে তিনি বলেন, বর্তমানে আবাসন খাত নানা সংকটে রয়েছে। যার মধ্যে নির্মাণসামগ্রীর আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, নতুন ড্যাপ নীতিমালা এবং গ্রাহকের ক্রয়ক্ষমতা হ্রাসের কারণে খাতে স্থবিরতা তৈরি হয়েছে। বিজয়ী হলে আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তার ভাষ্যমতে, স্বচ্ছতা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয় একটি শিল্পখাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি সদস্যদের সমর্থন ও ভোট প্রত্যাশা করে বলেন, সদস্যদের অধিকার রক্ষা এবং ব্যবসার পথে আসা আইনি বা নীতিগত বাধা দূর করতে আমি অঙ্গীকারবদ্ধ।

“আবাসন শিল্পের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবীণ ও নবীনের সমন্বয়ে আমরা একটি আধুনিক রিহ্যাব গড়তে চাই। রিহ্যাবের কল্যাণে আমার অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগাতে চাই। ভোটারদের মূল্যবান ভোট ও সমর্থনে আমি জয়ী হলে আবাসন খাতকে আরও উচ্চতায় নিয়ে যেতে সকলের সহযোগিতায় সচেষ্ট থাকব। বাংলাদেশের অর্থনীতিতে একটি টেকসই ও সহায়ক ব্যবসায়িক পরিবেশ তৈরি করা আমার স্বপ্ন।”

পরিশেষে তিনি রিহ্যাব নির্বাচনে অংশগ্রহণকারী আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের সকলকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের আহ্বান জানান।

প্রসঙ্গত, দেশের আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে সামনে রেখে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’ ২৯ সদস্যের একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া। চট্টগ্রাম অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ মোরশেদুল হাসান এবং পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ জাফর ও এ এস এম আবদুল গাফফার মিয়াজী। এছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আবদুল আজিজ, আনোয়ারুল কবির, মো. খোরশেদ আলম, এমদাদ উল্ল্যাহ, নুর মোহাম্মদ ও মোহাম্মদ হাবিব।

আরও পড়ুন