চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকাশ্যে একটি চিত্রা হরিণ জবাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি ঘিরে নানা মহলে নিন্দার ঝড় উঠেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি হরিণকে পানিতে চেপে ধরে একজন ব্যক্তি এবং আরেকজন ধারালো অস্ত্র দিয়ে সেটির গলা কাটার চেষ্টা করছেন। পাশে আরও একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওটি মুহূর্তেই অনলাইনে ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায়। যদিও ভিডিওটি ধারণ করা হয় গত ১১ এপ্রিল বিকেলে, তবে মঙ্গলবার (১৪ এপ্রিল) এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে নেটিজেনরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অনেকেই এটিকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।
বন বিভাগের তথ্য অনুযায়ী, মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলে একসময় বিস্তৃত ম্যানগ্রোভ বন ছিল, যেখানে হরিণসহ নানা বন্যপ্রাণীর বসবাস ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বন উজাড় ও শিল্পায়নের কারণে বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হয়ে পড়ে।
বন কর্মকর্তাদের ধারণা, জবাই হওয়া চিত্রা হরিণটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছিল।
উপকূলীয় বন বিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে তিনজনকে শনাক্ত করা হয়েছে, তারা আশপাশের খামারে কাজ করেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।












