১৬ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহেদ হোসেন হৃদয় (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত থ্রেশার মেশিনচালক ছিলেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের তেলেঙ্গা দীঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই এলাকার মৃত নুরুল আবছারের ছেলে।

স্থানীয় বাসিন্দা রণি নাথ জানান, দুপুরে দিঘী থেকে পানি তোলার জন্য একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করতে যান হৃদয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি দিঘীতে পড়ে যান। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফিয়া বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে গেছে।’

আরও পড়ুন