১৯ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে যুবদল নেতা কামালের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত

‘মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচনে প্রশাসনের কাছে গুরুত্বসহকারে তদন্তের দাবি’

মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দিনের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান ও মিরসরাই থানা সংগ্রাম কমিটির আহ্বায়ক এসএম সুমনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন—মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আহ্বায়ক হাসান মো. জসিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম জেলা কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, “আমার বিশ্বাস হয় না কামাল আমাদের ছেড়ে চলে গেছে। তিনি ছিলেন দক্ষ সংগঠক ও মানবিক মানুষ। এলাকার মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়াতেন। কামালের মৃত্যু সড়ক দুর্ঘটনায় নাকি হত্যাকাণ্ড—তা তদন্ত করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। পরিবারের পক্ষ থেকে যে অভিযোগগুলো আনা হয়েছে, প্রশাসন তা গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে আমি আশা করি। আবেগ বা ক্ষোভের বশবর্তী হয়ে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। প্রয়োজনে আমরা একটি ছায়া তদন্তও করতে পারি এবং কোনো তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে। প্রশাসন যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে।”

তিনি আরও বলেন, “কামালের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। যুবদলের মধ্যে তার মতো নেতৃত্ব তৈরি করতে হবে। তিনি আমার বিশ্বস্ত সহকর্মী ছিলেন। আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করি এবং সবাইকে তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

স্মরণসভায় উপস্থিত যুবদলের নেতাকর্মীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে কামালের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

প্রসঙ্গত, গত ১২ মার্চ মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে নিপ্পন পেইন্টস কারখানার সামনে একটি ড্রাম ট্রাকের চাপায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের ব্যক্তিগত প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরবর্তীতে ১৪ মার্চ নিহত কামাল উদ্দিনের ছেলে মো. আরাফাতুল ইসলাম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ড্রাম ট্রাক চালক খলিল হাওলাদারকে পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুন