আসন্ন পবিত্র হজ পালনকে সামনে রেখে বন্দর নগরী চট্টগ্রামে সুনামধন্য ‘না’লাইন ই মুস্তাফা হজ কাফেলা’র ব্যবস্থাপনায় এয়ার বি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন হজে গমনেচ্ছু হাজিরা।
কর্মশালায় পবিত্র হজের প্রতিটি ধাপ, নিয়ম-কানুন, করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি অভিজ্ঞ প্রশিক্ষক ও পূর্বে হজ পালনকারী ব্যক্তিদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়, যা হাজিদের জন্য ছিল অত্যন্ত সহায়ক ও প্রাসঙ্গিক।
না’লাইন ই মুস্তাফা হজ কাফেলার চেয়ারম্যান মুহাম্মদ বেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ড. লায়ন সালাউদ্দিন আলী, বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন, মিরসরাই কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর একরামুল হক, ব্যবসায়ী মোহাম্মদ রফিক ইসলামসহ প্রখ্যাত আলেমগণ।
বক্তারা বলেন, হজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর জীবনে অন্তত একবার হজ পালন ফরজ। যেহেতু এটি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সাধনার সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাই সঠিকভাবে হজ আদায়ের জন্য পূর্বপ্রস্তুতি ও প্রশিক্ষণের বিকল্প নেই।
কর্মশালায় চেয়ারম্যান মুহাম্মদ বেলাল উদ্দীন হজের প্রয়োজনীয় দোয়া ও আমল, স্বাস্থ্য সুরক্ষা, ভ্রমণসংক্রান্ত নির্দেশনা, আবাসন ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরিদুল আলম রিজভী।
প্রসঙ্গত, আগামী ২২ এপ্রিল না’লাইন ই মুস্তাফা হজ কাফেলা সম্মানিত হাজিদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হবে। মোট হাজি সংখ্যা ৭০ জন। প্রথম গ্রুপ ২২ এপ্রিল চট্টগ্রাম থেকে মদিনার উদ্দেশ্যে এবং দ্বিতীয় গ্রুপ ৮ মে চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।












