দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন বলেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের পরিচালনা শুরু হয়েছে। এ সরকারের লক্ষ্য-উদ্দেশ্যের মধ্যে তরুণ ও আগামীর প্রজন্মকে ক্রীড়ামোদী করে গড়ে তোলা অন্যতম। এর মধ্যে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রকল্প শুরু করা হচ্ছে। এছাড়া শিক্ষাঙ্গনে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক ক্রীড়া বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিএনপি সরকারের নেতৃত্বে ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন আসবে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে আনোয়ারা উপজেলার মধ্য জুঁইদন্ডী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মধ্য জুঁইদন্ডী প্রিমিয়ার লীগ সিজন-৪ ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন মোঃ হেলাল উদ্দিন বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে ক্রীড়ার উদ্যোগ নেওয়া হবে। তার ধারাবাহিকতায় আনোয়ারার ১১টি ইউনিয়নে স্টেডিয়াম করা হবে। খেলোয়াড়দের জন্য ট্রেনিং সেন্টার করা হবে। এছাড়া ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনকারীদের সাধুবাদ জানান তিনি।
শর্ট পিচ ক্রিকেট লীগের ফাইনাল ম্যাচে জুঁইদন্ডী টাইটান্স বনাম জুঁইদন্ডী রাইডার্স প্রতিদ্বন্দ্বিতা করে জুঁইদন্ডী রাইডার্স চ্যাম্পিয়ন হয়। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেরা খেলোয়াড়দের ম্যান অব দ্য ম্যাচ, পদক, সম্মাননা এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করেন অতিথিরা।
এসময় আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য ইমাম শরীফের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উপজেলা যুবদলের সংগঠক ও সম্ভাব্য জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওসমান সিকদার। অন্যান্যদের মধ্যে অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরওয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, এম মনছুর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী মোঃ ফোরকান, সাবেক ছাত্রনেতা জিয়াউল কাদের জিয়া, জাফর আহমদ, মোঃ সালাউদ্দিন জাহেদ, ফয়সাল হোসাইন ফাহাদ, মোঃ শাহফাজ উদ্দীন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির ও আলফাজুর রহমান আরিফসহ প্রমুখ।
এসময় ফাইনাল ম্যাচ দেখতে মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক অংশ নেন।












