আনোয়ারায় জায়গা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশু আহত হয়েছে। আহতরা হলেন মুন্নী আক্তার (২৫) ও আতিকুর রহমান রুহান (৪)।
গতকাল সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ড শুঁইয়ারা বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত নারী মুন্নী আক্তার বাদী হয়ে স্থানীয় মোঃ ইউনুছ (৪৫), গ্রাম পুলিশ মোঃ হেফাজ (৫৫), মোঃ ইমরান (২২), মোঃ নুরুন্নবী (৩৫), নুর মুহাম্মদ (৪০) ও মোঃ এস্তাফাজ (২৫) দের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সাথে দীর্ঘ দেড় মাস ধরে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে বিবাদীগণ বাদীকে ঘটনাস্থলে একা পেয়ে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর এবং ইট-পাটকেল নিক্ষেপ করে হাতে-পায়ে, বুকে, পিঠে, কোমরে, কাঁধে সহ শরীরের বিভিন্ন স্থানে বেদনাদায়ক জখম করে। এছাড়াও বসতঘর ও ফার্ম ভাঙচুর করে।
স্থানীয়রা জানান, স্থানীয় গ্রাম পুলিশ মোঃ হেফাজ ক্ষমতার অপব্যবহার করে একটি আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জায়গা নিয়ে ঝামেলা করে আসছে। এ জায়গা বিরোধ নিয়ে নারীকে মারধর করা হয় এবং ঘর ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আনোয়ারা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী নারী মুন্নী আক্তার জানান, অভিযুক্তরা ঘটনার পর আবারও হুমকি-ধমকি দিয়ে আসছে। প্রশাসনের কাছে আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ মোঃ হেফাজকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলে সংযোগ পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য নুর নবী জানান, জায়গা বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত গ্রাম পুলিশ হেফাজ তার ক্ষমতার অপব্যবহার করে আসছে।
জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, জুঁইদণ্ডী ইউনিয়নের এক নারীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।












