২৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে সাংবাদিকদের আবাসন নিশ্চিতে নতুন কমিটি গঠন

চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের আবাসন সংকট নিরসন, নিরাপদ হাউজিং নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে একটি টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তুলতে জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সাংবাদিকদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় নগরীর চকবাজার এলাকার কিশলয় কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন, যা এ ইস্যুতে সাংবাদিক সমাজের ব্যাপক আগ্রহ ও উদ্বেগের প্রতিফলন ঘটায়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতা। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও ঝুঁকিপূর্ণ পেশা হলেও এই পেশার সঙ্গে জড়িত অনেকেই এখনও স্থায়ী আবাসন সুবিধা থেকে বঞ্চিত। নগরীর ক্রমবর্ধমান জমির মূল্য, পরিকল্পিত আবাসনের অভাব এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে অধিকাংশ সাংবাদিকের জন্য নিজস্ব বাসস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, একটি নিরাপদ ও স্থায়ী আবাসন ব্যবস্থা না থাকলে সাংবাদিকদের পেশাগত কার্যক্রমেও প্রভাব পড়ে। তাই সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগ, সংগঠিত পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কার্যকর হাউজিং ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। এ লক্ষ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা জরুরি বলে মত দেন তারা।

আলোচনা সভা শেষে সাংবাদিকদের আবাসন-সংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করা, সমাধানের রূপরেখা তৈরি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে দৈনিক নয়া বাংলা পত্রিকার পরিচালনা সম্পাদক বি এম মনজুর এলাহী খোকনকে আহ্বায়ক এবং দ্য ডেইলি স্টারের সাবেক ব্যুরো প্রধান মো. নজরুল ইসলাম শিমুলকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন–বাংলাভিশনের ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতা, দৈনিক পূর্বকোণের সিনিয়র সাব-এডিটর আবসার মাহফুজ, দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলাম, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ, গাজী টিভির স্টাফ রিপোর্টার মো. তৌহিদুল আলম, নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান এ কে আজাদ এবং দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার মোরশেদ তালুকদার।

নবগঠিত এই কমিটি সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়ন, জমি সংগ্রহ, অর্থায়ন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

সভায় উপস্থিত সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ সফল হলে চট্টগ্রামের সাংবাদিক সমাজের দীর্ঘদিনের আবাসন সংকট অনেকাংশে লাঘব হবে এবং ভবিষ্যতে একটি সুসংগঠিত ও নিরাপদ আবাসন ব্যবস্থা গড়ে উঠবে।

আরও পড়ুন