চট্টগ্রামের সন্দ্বীপে সংখ্যালঘু জেলে সম্প্রদায়ের এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১এপ্রিল) রাত এগারটার দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডে এ ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটেছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকালে ভুক্তভোগী বাদী হয়ে সন্দ্বীপ থানায় মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার। তিনি বলেন, ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে সন্দ্বীপ থানার পুলিশ অভিযান পরিচালনা করছে।
জানা গেছে, ঘটনা ঘটার পর থেকে তা ধামাচাপা দেয়ার চেষ্টা চালায় এলাকায় কিছু প্রভাবশালীর ব্যক্তি। তারা ভুক্তভোগী পক্ষকে চাপও প্রয়োগ করে। তবে ঘটনার পরদিন এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সর্বমহলে নিন্দার ঝড় ওঠে।
এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা এবং সন্দ্বীপ থানার নেতৃবৃন্দ ভিক্টিম ও সন্দ্বীপ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে পৃথকভাবে বৈঠক করেন। তারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথেও যোগাযোগ করেন। পরে তাদের সহযোগিতায় শনিবার ভুক্তভোগী সন্দ্বীপ থানায় মামলা দায়ের করেন।












