২৮ এপ্রিল ২০২৬

আনোয়ারায় ব্যস্ততম সড়কে জলাবদ্ধতা, বেড়েছে ভ্রাম্যমাণ হকারের উৎপাত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে এখন চলাফেরা করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। কাঁচা বাজারের হকারদের উৎপাত, যানজট এবং জলাবদ্ধতায় একাকার হয়ে গেছে।

একদিনের সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পুরো বাজার চলাচলে ভোগান্তির কারণ হয়ে উঠেছে। তবে এসব যাদের দেখার বিষয়—বাজার ইজারাদার বা উপজেলা প্রশাসনের—তারাই এখন এ ব্যাপারে নির্বিকার রয়েছে। জলাবদ্ধতা আর হকারদের উৎপাত বন্ধ না হওয়ায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।

দেখা যায়, উপজেলার ব্যস্ততম চাতরী চৌমুহনী বাজারের সিইউএফএল সড়কের বেশিরভাগ অংশজুড়ে বিভিন্ন ধরনের কাঁচা বাজার ও পণ্যসামগ্রী নিয়ে দখল করে রয়েছে হকাররা। তার পাশে পড়ে আছে ময়লার ভাগাড়। সরু গলির ন্যায় সড়কের সামান্য অংশ দিয়েই শত শত যানবাহন চলাচল করতে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে।

বিশেষ করে প্রতি সকাল-বিকাল কোরিয়া ইপিজেড (কেএসআই) ফ্যাক্টরি ছুটি হলে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাজারে দায়িত্বরত ট্রাফিক পুলিশদের এ সময় যানজট নিরসনে হিমশিম খেতে হয়। দু’পাশে অটোরিকশা ও সিএনজির স্টেশন থাকার কারণে যেন যানজট লেগেই থাকে। এতে করে বাজারে আসা যাত্রীসাধারণের মাঝে ক্রমেই বাড়ছে ক্ষোভ।

স্থানীয় দোকান ব্যবসায়ীরা জানান, এভাবে একটি বাজার চলতে পারে না। হকারদের কারণে ফুটপাত দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে পারে না। অনেক সময় মেয়েরা ইভটিজিংয়ের শিকার হয়।

পথচারীরা জানান, দক্ষিণ চট্টগ্রামের জন্য এটি একটি বৃহত্তম বাজার। এখানে আনোয়ারা ছাড়াও বাঁশখালী, চন্দনাইশসহ বিভিন্ন উপজেলার লোকজন কেনাকাটা করতে আসেন। জলাবদ্ধতা আর যানজটের কারণে বাজারে চলাচল করা দুঃসাধ্য হয়ে উঠেছে।

চাতরী বাজারের ট্রাফিক পুলিশ কর্মকর্তা অভিযোগ করে বলেন, সড়কের অর্ধেক জুড়ে হকাররা দখল করে রেখেছে। এজন্য বাজারে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা কিছু করতে পারি না, মামলাও দিতে পারি না। এটা উপজেলা প্রশাসন উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ভূমি সহকারী কমিশনার দীপক ত্রিপুরা জানান, চাতরী চৌমুহনী বাজারের সড়কের ফুটপাত দখলের বিষয়ে গতবার আমরা বেশ কয়েকবার উচ্ছেদ করেছিলাম। এখন বিষয়টি ভূমি অফিসের তহসিলদারকে নোটিশ করতে বলা হয়েছে। যদি তাতে সম্ভব না হয়, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন