চট্টগ্রাম নগরীতে যত্রতত্র ময়লা ফেলা অব্যাহত থাকলে খাল-নালা দ্রুত ভরাট হয়ে পুনরায় জলাবদ্ধতা দেখা দেবে এমন আশঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (৪ মে) সকালে বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন সড়ক পরিদর্শনকালে তিনি বলেন, শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলেই চলবে না; নগরবাসীর সচেতনতা ছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনের সময় অবৈধ স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন মেয়র। পরে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান খাল সংস্কার কাজ ঘুরে দেখেন এবং পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে এমন বাঁধ অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয়দের যাতায়াত সহজ করতে একটি বেইলি ব্রিজ নির্মাণের কথাও জানান।
তিনি চান্দগাঁওয়ের ৪ নম্বর ওয়ার্ডের ফরিদার পাড়া এবং ৬ নম্বর ওয়ার্ডের খাজা রোড এলাকায় নালা-খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন।
চসিক সূত্রে জানা গেছে, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মাসব্যাপী নালা-নর্দমা ও খাল পরিষ্কার অভিযান চলছে। জলাবদ্ধতা নিরসনে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।












