চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানায় পুলিশের বিশেষ তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে ) ভোররাত সাড়ে ৪টার দিকে নতুন ব্রিজ এলাকার শহীদ বশরুজ্জামান গোলচত্বর সংলগ্ন পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই নাসিম উল হক ইমরান, এএসআই হামিদুল ইসলাম ও এএসআই মহিন উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় আশিকুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নগরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।














