২২ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় ধর্ষণকারীদের গ্রেপ্তারে বিলম্ব, জনমনে ক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে রায়পুর ওয়াহেদ আলী চৌধুরী বাজার এলাকায় অবস্থিত গাউছিয়া হাশেমীয়া আলিম মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসার ইবতেদায়ী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মতো নৃশংস ঘটনার পরও অভিযুক্তদের গ্রেপ্তারে বিলম্ব হওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, এমন ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের নিরাপত্তা ও মানবিকতার ওপর আঘাত। ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ আর না ঘটে, সে জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন