চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের মিছিল-মিটিং পটিয়ায় করতে দেওয়া হবে না। কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে ‘ঘর থেকে ধরে আনা হবে’ বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৭ মে) রাতে পটিয়ার কৈয়গ্রামে নিজ বাড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এমপি এনাম।
এমপি এনাম বলেন, ‘পটিয়ায় নিষিদ্ধ সংগঠন মিছিল করবে, মিটিং করবে— তা হতে দেওয়া হবে না। ঘর থেকে বের করে ধরে আনব। সাবধান করে দিচ্ছি, আমাদের খোঁচাইয়েন না। খোঁচালে খবর হবে।’
এ সময় প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ নেওয়ার অভিযোগও তোলেন তিনি। এমপি এনাম বলেন, ‘এখনো প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের অনেক দালাল রয়ে গেছে। যারা আওয়ামী লীগের হয়ে কাজ করতে চায়, তাদের আমরা চিহ্নিত করছি। অন্যায়-অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম। সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। এতে উপজেলার ১৭টি সাংগঠনিক ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













