১৯ সেপ্টেম্বর ২০২৬

চোখ ভেদ করে মাথায় গুলি, মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট্ট রেশমি

চট্টগ্রামের বায়েজিদের রৌফাবাদ এলাকায় সন্ত্রাসীদের গোলাগুলিতে গুরুতর আহত ১১ বছরের শিশু রেশমি আক্তার এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। যে বয়সে স্কুল, খেলাধুলা আর স্বপ্নে ভরপুর থাকার কথা, সেই বয়সেই হাসপাতালের বেডে জীবন বাঁচানোর সংগ্রামে ছোট্ট মেয়েটি।

গত রাতে সংঘটিত ওই গোলাগুলির ঘটনায় রাজু নামে এক ব্যক্তি নিহত হন। একই সময় দোকানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয় রেশমি। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানান, গুলি রেশমির বাম চোখ দিয়ে প্রবেশ করে মাথার ভেতরে আটকে আছে। এতে তার মস্তিষ্কে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইসিইউ সংকট দেখা দিলে দ্রুত তাকে বিশেষায়িত ইউনিটে স্থানান্তর করা হয়।

শিশুটির অবস্থা জানতে হাসপাতালে ছুটে যান চিকিৎসক ডা. মো. আবু নাছের। পরে চিকিৎসকদের সমন্বয়ে জরুরি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। প্রফেসর কামাল উদ্দিনের তত্ত্বাবধানে তার প্রাথমিক সার্জারি সম্পন্ন হয়েছে।

চিকিৎসা সূত্র জানায়, জরুরি ভিত্তিতে সার্জিক্যাল টয়লেটিংয়ের মাধ্যমে ক্ষতস্থান পরিষ্কার করা হয়েছে। বর্তমানে রেশমিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রেশমির বড় ভাই ফয়সাল আহম্মেদ কান্নাজড়িত কণ্ঠে জানান, ‘দোকানে যাওয়ার সময় হঠাৎ গোলাগুলি শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই আমার বোন মাটিতে লুটিয়ে পড়ে।’

চিকিৎসকদের ভাষ্য, দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা গেলে রেশমির জীবন রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ডা. মো. আবু নাছের দেশবাসী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘গোলাগুলির সময় দোকানে যাওয়ার পথে সে গুলিবিদ্ধ হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।’

আরও পড়ুন