পার্বত্য চট্টগ্রাম থেকে গোপনে সংগ্রহ করা হচ্ছিল বিদেশি পিস্তলের তাজা গুলি। এরপর সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছিল চট্টগ্রাম নগরীর বিভিন্ন অপরাধচক্রের হাতে। এমন অভিযোগের ভিত্তিতে নগরের একাধিক স্থানে অভিযান চালিয়ে ১৫০ রাউন্ড ‘মেড ইন ইন্ডিয়া’ গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযানে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো— মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং জানান, শুক্রবার (৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ওয়াসা মোড় এলাকায় টেস্টি ট্রিট ফাস্টফুড দোকানে অভিযান চালানো হয়। সেখানে ফয়সাল আহমেদ রনিকে আটক করে তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের দামপাড়া এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেখান থেকে আমিনুল হক বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ১১ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
ডিবি কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সব গুলিতেই ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস থেকে এসব গুলি সংগ্রহ করে নগরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য নিজেদের কাছে রেখেছিলেন।














