চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) সরওয়ার কামালের কক্ষে তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ‘বাংলাধারা’র রিপোর্টার ওমর ফারুক।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, চসিকের রাজস্ব বিভাগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য ও তথ্য সংগ্রহের জন্য দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তার সঙ্গে অসৌজন্যমূলক ও অপেশাদার আচরণ করেন। একপর্যায়ে জোরপূর্বক তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।
এছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় তাকে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগী সাংবাদিক।
ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলছেন, একটি সেবাধর্মী সরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
‘বাংলাধারা’ পরিবারের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক বলেন, ‘চসিকের রাজস্ব বিভাগের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে তথ্য ও বক্তব্য নিতে যাই। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং একপর্যায়ে জোরপূর্বক আমার মোবাইল ফোন ছিনিয়ে নেন। পাশাপাশি আমাকে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হয়। আমি এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীরা জনগণের স্বার্থে তথ্য সংগ্রহ করেন। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব। এ ধরনের ঘটনা ভবিষ্যতে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহে নেতিবাচক প্রভাব ফেলবে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।














