২৪ অক্টোবর ২০২৬

চালক আহত

রাঙামাটিতে হলুদবোঝাই জিপ উল্টে দিনমজুরের মৃত্যু

রাঙামাটির বিলাইছড়িতে হলুদবোঝাই জিপ উল্টে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় জিপের চালকও গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফারুয়া ইউনিয়নের লতা পাহাড় এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত ব্যক্তির নাম মো. সালাম (৬০)। তিনি রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালকের নাম মো. বেলাল (৩৮)। তিনি রাজস্থলীর মুন্সিপাড়া গ্রামের মো. কবির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লতা পাহাড়ের ঢালু সড়ক বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি সড়কের ওপর উল্টে যায়। এতে গাড়িতে থাকা সালাম ও বেলাল গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের রাত ৯টার দিকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. সালামকে মৃত ঘোষণা করেন। আহত বেলালকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ