চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন রৌফাবাদ বিহারী কলোনিতে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমি আকতার (১১) মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. কে এম বাকী বিল্লাহ সবুজ বলেন, রেশমির মাথায় থাকা গুলিটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত করেছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
গত বৃহস্পতিবার (৭ মে) রাতে মায়ের জন্য পান কিনতে বাসা থেকে বের হয়েছিল ১১ বছরের শিশু রেশমি আকতার। কিন্তু সেই বের হওয়াই হয়ে উঠল তার জীবনের সময়।
দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি বাম চোখ ভেদ করে মাথায় ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউ শয্যা না থাকায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলেও পরদিন আবার চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানল ছোট্ট রেশমি।
পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ ভাই-বোনের মধ্যে রেশমি ছিল সবার ছোট। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। রেশমির মেঝ ভাই ফয়সাল আহমেদ বলেন, ‘আমার ছোট বোনটা শুধু মায়ের জন্য পান কিনতে বের হয়েছিল। কোনও অপরাধ না করেও তাকে এভাবে চলে যেতে হলো। আমরা এই হত্যার বিচার চাই।’














