চট্টগ্রাম নগরের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে খুলিবিহীন একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহটির মাথা থেকে খুলি আলাদা হয়ে গেছে এবং মুখমণ্ডল বিকৃত থাকায় নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না তাও নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, হাসপাতালের নিচ থেকে একজন নারীর লাশ উদ্ধার করা হয়। লাশের মাথার মগজ বের হয়ে গেছে।কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তিনি হাসপাতালের ওপর থেকে লাফ দিয়েছেন নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে বলে জানান ওসি।














