চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ছয় কর্মকর্তার মশক নিধনের পদ্ধতি শিখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মশা মারার কৌশল শিখতে বিদেশে যাওয়ার বদলে দেশে সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে অবস্থান করে উদ্ভাবনী পদ্ধতি বের করার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এবং অপর পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে ফ্লোরিডা সফরের প্রস্তাবটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।
প্রস্তাবটির সারসংক্ষেপ পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’
বিদেশি প্রতিষ্ঠান ভ্যালিয়েন্ট বায়োসায়েন্স এলএলসির অর্থায়নে এই সফরের প্রস্তাব করা হয়। প্রস্তাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ পাঁচ কর্মকর্তার ফ্লোরিডা সফরের কথা উল্লেখ ছিল।














