১৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সভা

মনজুর-সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভা ও মিছিলের ঘটনায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার রাতে ফটিকছড়ি থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. জামান বাবু (২৩) ও সাইফুল ইসলাম (২৫)। তাদের নামও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, চট্টগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি উপজেলার রোসাঙ্গিরি ইউনিয়নের আজিমনগর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার হওয়া দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, সাবেক মেয়র মনজুর আলম ও সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনির নির্দেশনায় তারা সেখানে জড়ো হয়েছিলেন। এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সংগঠিত হয়েছিলেন।

এদিকে, ঘটনার আগের দিন ফটিকছড়ির রোসাঙ্গিরি এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। ওই সভার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভা ও মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’

আরও পড়ুন