২ নভেম্বর ২০২৬

বোয়ালখালীর পাহাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা এলাকার একটি পাহাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ওমর ফারুক (২৫)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা এলাকার বাসিন্দা এবং মো. ওসমানের ছেলে।

শনিবার (৬ জুন) সকালে স্থানীয় লোকজন পাহাড়ের একটি লিচু বাগানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাশ উদ্ধারের সময় ফারুকের হাত-পা বাঁধা ছিল। তার পরনে একটি লুঙ্গি ও টি-শার্ট ছিল। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

বোয়ালখালী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, ‌‘ফারুক গেল ২ জুন সরফভাটার বাড়ি থেকে বের হন বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। বোয়ালখালীর গুচ্ছগ্রামে তার ভগ্নিপতির বাড়ি আছে। তবে যে পাহাড়ে লাশ উদ্ধার হয়েছে সেটি থেকে গুচ্ছগ্রাম অনেক দূরে। আমরা এখন ঘটনাস্থলে আছি। তথ্য সংগ্রহের চেষ্টা করছি। পরে বিস্তারিত বলতে পারব।’

আরও পড়ুন