২৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে নৃত্যের বর্ণিল উৎসব ‘নৃত্যনৈবেদ্য’

শিল্প-সংস্কৃতির প্রাণকেন্দ্র চট্টগ্রামে নৃত্যের ছন্দে, সুরে আর বর্ণিল পরিবেশনায় মুখর হয়ে উঠেছিল জেলা শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চ। শুক্রবার (৫ জুন) বিকেলে অনুষ্ঠিত জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’— যেখানে নগরীর সুপরিচিত ১০টি নৃত্যদল অংশ নিয়ে দর্শকদের উপহার দেয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।

বিকেল ৫টায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘শিল্প-সংস্কৃতির চর্চা সমাজকে মানবিক ও সৌন্দর্যবোধসম্পন্ন করে তোলে। শিল্পীদের নিয়মিত মঞ্চচর্চা সাধারণ মানুষের মধ্যে সংস্কৃতিপ্রেম জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি বলেন, ‘শিল্প-সংস্কৃতির চর্চা একটি জাতির ঐতিহ্য ও সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়। এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী স্বপন দাশ, প্রমা অবন্তী, ফজল আমিন শাওন, প্রিয়াঙ্কা বড়ুয়া, নেভী দাশ অথৈ, অন্তর দে, লাকী দে এবং রুবেল সিংহ। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সন্ধ্যার মূল আকর্ষণ ছিল বিভিন্ন ঘরানার ২০টি গানের সঙ্গে পরিবেশিত নৃত্য পরিবেশনা। লোকজ, শাস্ত্রীয়, আধুনিক ও সমকালীন ভাবধারার নৃত্যের সমন্বয়ে দর্শকদের সামনে ফুটে ওঠে বাংলা সংস্কৃতির বৈচিত্র্যময় রূপ। প্রতিটি পরিবেশনাই দর্শকদের করতালিতে বারবার মুখরিত করেছে মুক্তমঞ্চকে।

অনুষ্ঠানে অংশ নেয় চট্টগ্রামের সুপরিচিত নৃত্যদল কৃত্তিকা নৃত্যালয়, শুভঙ্করী ডান্স একাডেমী, সুরধ্বনি সংগীত বিদ্যালয়, আদিশঙ্কর নৃত্যকলা কেন্দ্র, সৃজন নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, কল্পবৃক্ষ, নৃত্যেশ্বর নৃত্যালয়, রুমঝুম নৃত্যকলা একাডেমি এবং দীপশিখা নৃত্যগোষ্ঠী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী শুভ্রা সেন গুপ্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কণ্ঠশিল্পী মো. জিয়া উদ্দীন, সংগীতশিল্পী অনামিকা তালুকদার, শিল্পকলা একাডেমী চট্টগ্রাম ফ্যান গ্রুপের অ্যাডমিন ও নাট্যকর্মী ফোরকান রাসেলসহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন।

সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা মনে করেন, ‘নৃত্যনৈবেদ্য’র মতো আয়োজন নতুন প্রজন্মকে শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলবে এবং চট্টগ্রামের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে। নৃত্যের ছন্দ, সঙ্গীতের মূর্ছনা আর শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় ‘নৃত্যনৈবেদ্য’ হয়ে উঠেছিল শিল্প-সংস্কৃতিপ্রেমীদের জন্য এক স্মরণীয় সন্ধ্যা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ