দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প’ অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার (৯ জুন) প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এটি অনুমোদিত ১০টি প্রকল্পের অন্যতম।
সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে। বর্তমানে আনোয়ারা, বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী ও চকরিয়া হয়ে চলাচলকারী যানবাহনকে বিভিন্ন স্থানে সরু ও ঝুঁকিপূর্ণ সড়কের মুখোমুখি হতে হয়। মহাসড়কটি প্রশস্ত ও মানসম্মত করা হলে যাতায়াতের সময় কমবে এবং পরিবহন ব্যয়ও হ্রাস পাবে।
এছাড়া মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল, পর্যটন কেন্দ্র এবং কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ড, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।
পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে অঞ্চলের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।













