আনোয়ারার বখতিয়ারপাড়ায় তানযীমুল কুররা বাংলাদেশ আয়োজিত ১০ দিনব্যাপী কেরাত ও হুফফাজ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। উস্তাজুল কুররা আল্লামা কারী আবদুল গণী (রহ.) প্রণীত সহজ ও আকর্ষণীয় পদ্ধতিতে পরিচালিত এ কোর্সের সমাপনী অনুষ্ঠান গত রোববার বিকেলে অনুষ্ঠিত হয়।
উপজেলার বখতিয়ারপাড়া তরতীলুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। কুরবানির ঈদের পর ১২ জিলহজ থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছিল।
আয়োজক সূত্রে জানা যায়, বখতিয়ারপাড়া তরতীলুল কুরআন মাদ্রাসায় প্রায় তিন যুগ ধরে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে বছরে দু’বার কেরাত প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়। এবারের কোর্সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২৫০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, মসজিদের ইমাম, মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এবার প্রথমবারের মতো নারীদের জন্য পৃথক ক্বেরাত প্রশিক্ষণ কোর্স চালু করা হয়। এতে ২৫ জন নারী অংশগ্রহণ করেন।
১৯৯৫ সালে বাংলাদেশের খ্যাতিমান কারী আল্লামা কারী আবদুল গণী (রহ.) বখতিয়ারপাড়া তরতীলুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কোর্সের সূচনা করেন। সময়ের পরিক্রমায় এটি সারা দেশে পরিচিতি লাভ করে এবং বর্তমানে তানযীমুল কুররা বাংলাদেশের অধীনে দেশের বিভিন্ন স্থানে একই ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হয়।
কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা কারী ইসহাক আনোয়ারী, মাওলানা কারী শিব্বির আহমদ, মাওলানা কারী শফি উল্লাহ, মাওলানা কারী সাইফুল্লাহ, মাওলানা কারী সিকান্দার আলী, মাওলানা কারী ইসহাক, মাওলানা কারী জাবের, মাওলানা কারী আবু বকর, মাওলানা কারী আলী মুর্তজা, মাওলানা কারী আবদুল্লাহ ও কারী নুরুল আমিন।
সমাপনী অনুষ্ঠানে তৃতীয় কোর্স সম্পন্নকারী ৪৯ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। এসময় শফি ফাউন্ডেশনের কর্ণধার জাবের শফি, বখতিয়ার নেক্সাসের প্রধান উদ্যোক্তা সালাউদ্দিন করিম, লন্ডন প্রবাসী আবদুল আউয়াল, তানযীমুল কুররা বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি ফজল করিম জিহাদিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।













