চট্টগ্রামে পিডিবিতে শ্রমিক নিয়োগ নিয়ে সিবিএ নেতাকর্মীদের বিরুদ্ধে এক প্রকৌশলীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এক কর্মকর্তাকে মারধর করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
এ ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান কার্যালয় থেকে চার কর্মচারীকে বদলির আদেশ দেওয়া হয়েছে। এই বদলির প্রতিবাদে বৃহস্পতিবার সভা ডেকেছে পিডিবি চট্টগ্রামের সিবিএ।
পিডিবির চট্টগ্রাম আগ্রাবাদ কার্যালয়ের পঞ্চম তলায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
ওই ঘটনায় দুই পক্ষ প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এছাড়া সহকারী প্রকৌশলীকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগে ডবলমুরিং থানায় জিডি করেছেন নির্বাহী প্রকৌশলী।
পিডিবির চট্টগ্রাম কার্যালয়ের কম্পিউটার কেন্দ্রের সিস্টেম অ্যানালিস্ট (নির্বাহী প্রকৌশলী) নিলুফারিন আকতার বলেন, ‘এই মাসে ‘কাজ নেই মজুরি নেই’ ভিত্তিতে একজন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল। সিবিএ নেতাকর্মীদের অভিযোগ, তাদের সঙ্গে আলাপ না করে কেন লোক নিয়োগ করেছি?’
তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে ৩৫-৪০ জন লোক শোডাউন করতে করতে আমার কার্যালয়ের সামনে আসেন। তাদের মধ্যে ২০ থেকে ২৫ জন অফিস কক্ষে ঢুকে পড়েন। তারা এসেই উত্তেজিত হয়ে কথা বলতে থাকেন। তাদের শান্ত হয়ে কথা বলতে বলেছিলাম। তখন আমি কক্ষে একাই ছিলাম।’
শোরগোল শুনে সহকারী প্রকৌশলী মেহেদী হক ওই কক্ষে আসেন দাবি করে নিলুফারিন বলেন, ‘মেহেদী হক শুধু বলেছিলেন, আপনারা ম্যাডামের সঙ্গে এভাবে কথা বলছেন কেন। এরপরই তাকে টেনে কক্ষের বাইরে নিয়ে যায়। তাকে মারধর করা হয়। ওই ঘটনার সিসিটিভির ভিডিও সংগ্রহ করে প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছি। পাশাপাশি থানায় জিডি করেছি।’
অভিযোগ পাওয়ার পর প্ল্যান্ট অপারেটর মো. হাফিজুর রহমান, লাইনম্যান মো. নুরুন্নবী, ইলেকট্রিশিয়ান মো. শফিকুল ইসলাম ও গাড়িচালক মো. আইয়ুবকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
পিডিবি সিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘মাস্টাররোলের একটি পদ খালি হলে ম্যাডাম আওয়ামী লীগের দোসর একজনকে নিয়োগ দিয়েছেন। এটা নিয়ে সংগঠন থেকে আমরা প্রতিবাদ করেছি। সেসময় একজন প্রকৌশলী এসে ঝামেলা করেন। তার সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। আমরাও চিফ ইঞ্জিনিয়ারকে চিঠি দিয়েছি। চারজনকে বদলি করা হয়েছে। আমরা আগামীকাল প্রতিবাদ সভা করব।’
পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘সিবিএর লোকজন একজন নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। মারধরের অভিযোগও পেয়েছি। পাল্টা অভিযোগও করেছেন সিবিএ নেতারা। বিষয়টি নোট দিয়ে ঢাকায় জানিয়েছি। তদন্ত চলছে।’ চারজনের বদলির বিষয়ে তিনি বলেন, ‘শুনেছি। তবে লিখিত আদেশ আমি এখনো পাইনি।’














