বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার মুখে পড়েন। সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে এসব প্ল্যাটফর্মে সেবা বিঘ্নের অভিযোগ আসতে শুরু করে।
তবে প্রায় ৪০ মিনিট পর ধীরে ধীরে সেবাগুলো স্বাভাবিক হতে শুরু করে।
সমস্যার সময় ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে অনেক ব্যবহারকারীর স্ক্রিনে ‘Sorry, something went wrong’ বার্তা দেখা যায়। এতে অনেকেই প্রথমে নিজেদের অ্যাকাউন্টে ত্রুটি হয়েছে বলে মনে করেন।
এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি মেটা। তবে রিয়েল-টাইম আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের পর থেকেই বিপুল সংখ্যক ব্যবহারকারী ফেসবুক ডাউন হওয়ার অভিযোগ জানাতে থাকেন।
ব্যবহারকারী আনাস জানান, হঠাৎ ফেসবুকে প্রবেশ করতে না পেরে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। পরে অন্যদেরও একই সমস্যার কথা জানতে পেরে বিষয়টি সার্ভারজনিত সমস্যা বলে বুঝতে পারেন।
আরেক ব্যবহারকারী কাইয়ুম বলেন, ফেসবুকে পোস্ট দিতে গিয়ে তিনি সমস্যার সম্মুখীন হন। পাশাপাশি মেসেঞ্জার থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় হোয়াটসঅ্যাপেও। তবে প্রায় ৪০ মিনিট পর সেবাগুলো আবার স্বাভাবিক হয়ে আসে।
এদিকে ব্যবহারকারী মেহেদীর ভাষ্য, ফেসবুকের কার্যক্রম পুনরায় চালু হলেও এখনো কিছুটা ধীরগতিতে চলছে। বিশেষ করে বিভিন্ন পেজ লোড হতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে।













