৩০ অক্টোবর ২০২৬

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার সাইনবোর্ড ভূসিমিল এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বেলা ১১টার কিছু পরে কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। প্রথমে শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন