চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বালুবাহী ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কধুরখীল জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাবেদ উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী মকবুল আহমদ বাড়ির প্রবাসী মো. সেলিমের ছেলে। তিনি নগরীর একটি মেকানিক্যাল কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাটমুখী একটি বালুবাহী ট্রাককে পেছন থেকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জাবেদের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থলে ট্রাক রেখে পালিয়ে যান।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’














