চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি খাল থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তালুকদার ক্লাবের পূর্ব পাশে ইছামতী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে এক শিশু খালের পাশে গিয়ে পানিতে ভাসমান অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। পরে স্থানীয় মহিলা ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি আনোয়ারা থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, খালসংলগ্ন জমিগুলোতে চাষাবাদ ছাড়া মানুষের তেমন যাতায়াত থাকে না। তবে গত ২০ জুন শাহ মোহছেন আউলিয়ার ওরশ উপলক্ষে বাইরে থেকে আসা কয়েকজন ভবঘুরে ওই এলাকায় অবস্থান করেছিলেন। এ কারণে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, উদ্ধার হওয়া মরদেহটি তাদের কারও হতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোনায়েত চৌধুরী বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।














