২৩ অক্টোবর ২০২৬

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসচালক, চালকের সহকারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বিএসআরএম বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, তিশা পরিবহনের একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বিএসআরএম বাইপাস এলাকায় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে সেটির একটি অংশ বাসের চাকায় আটকে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক, তার সহকারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কেটে ও আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, ‘হঠাৎ কাভার্ড ভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় বাসের চাকায় এর সামনের অংশ আটকে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। প্রায় ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা সবাই মিলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ওসি) জয়নুল আবেদীন তিতাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে একটি উদ্ধারকারী ইউনিট ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাদিম জানান, দুর্ঘটনার পর অভিযুক্ত কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাসের ধাক্কায় মহাসড়কের পাশে একটি গাছ ভেঙে সড়কে পড়ে যাওয়ায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ক্ষতিগ্রস্ত বাস এবং ভেঙে পড়া গাছ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। তিনি জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ