২৪ অক্টোবর ২০২৬

মাথায় ছুরিকাঘাত করে ছিনতাই, চক্রের মূলহোতা পুলিশের জালে

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা পুলিশের অভিযানে এক ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ভুক্তভোগীর ছিনতাই হওয়া মোবাইল ফোন, মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের কার্ড, মোবাইল চার্জার এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে অরবিট স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার পথে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের রুপালী আবাসিক এলাকার সামনে তিন দুর্বৃত্তের কবলে পড়েন শিহাব ইকবাল মোহাম্মদ শহীদুর রহমান (৫৬)।

ধারালো অস্ত্রের মুখে তার পথরোধ করে তারা একটি রেডসি নোট-১৩ মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ ১৭০ টাকা, জাতীয় পরিচয়পত্র, ইসলামী ব্যাংকের দুটি ভিসা কার্ড, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি ফাস্ট ক্যাশ কার্ড, একটি করোনা কার্ড এবং মোবাইল চার্জার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ভুক্তভোগী বাধা দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে একজন তার মাথায় ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। অপর দুইজন ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে এসআই সৈয়দ আলম, এএসআই মো. মোশারফ হোসেন ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূলহোতা মো. আবুল হোসেন সজীব (৩২)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ড ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

এছাড়া তক্তারপুল ব্রিজের পূর্ব পাশের একটি গ্যারেজ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশাও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বাকলিয়া থানায় পেনাল কোডের ৩৯৪/৪১১ ধারায় মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর দুই পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি জাহেদুল কবির।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ