ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত এক লরি চালকের মরদেহ চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জামাল (৫৬) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচা গ্রামের মৃত মুনাফ বেপারীর ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের সহকারী বেলাল হোসেন জানান, ভোর প্রায় ৩টার দিকে সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয় লরিটি। ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার ব্রিজ এলাকায় পৌঁছালে সরু সড়কের কারণে গাড়ির গতি কমে যায়। এ সময় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে লরিতে হামলা চালায়। তারা প্রথমে লরির সামনের গ্লাস ভাঙচুর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে চালক জামালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
তিনি বলেন, গুরুতর আহত অবস্থায়ও চালক তাকে কোথাও না থেমে গাড়ি চালিয়ে যেতে বলেন। আতঙ্কের মধ্যে তিনি লরিটি চালিয়ে ফেনী পর্যন্ত পৌঁছান। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই চালকের মৃত্যু হয়। পরে অন্য চালকদের সঙ্গে যোগাযোগ করে লরিটি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের ফারদিন মডেল পাম্প এলাকায় নিয়ে আসা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরি থেকে চালকের মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন এলাকায় ঘটেছে। তাই সংশ্লিষ্ট থানাই এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম ও তদন্ত পরিচালনা করবে।














