২৩ অক্টোবর ২০২৬

পটিয়ায় রান্নাঘরের জানালা কেটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-মালামাল লুট

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাড়িতে কেউ না থাকার সুযোগে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শহিদুল ইসলাম সুমনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আলমারি ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

রোববার রাত অথবা সোমবার দিনের কোনো এক সময় উপজেলার খরনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ওয়াহিদুর পাড়ায় অবস্থিত তাঁর নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি পটিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় প্রতিবেশীরা বাড়ির ছাদের দরজা খোলা দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে দেখেন, আলমারি ভাঙা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে দেখতে পান, আলমারিতে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

অ্যাডভোকেট শহিদুল ইসলাম সুমন জানান, তিনি নিয়মিত ওই বাড়িতে বসবাস করেন না। প্রতি সপ্তাহে তাঁর বাবা-মা সেখানে এসে থাকেন। সোমবার বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা রান্নাঘরের জানালা কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। সন্ধ্যায় প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন। পরে তিনি বিষয়টি পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হককে মোবাইল ফোনে অবহিত করেন।

তিনি আরও জানান, প্রায় এক মাস আগে একই বাড়ি থেকে পানির পাইপ চুরির ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে আবারও চুরির ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ